বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের গাছবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে দুই অস্ত্রধারী চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩৪ বিজিবি)। এসময় তাদের কাছ থেকে দুটি দেশীয় পিস্তল, চার রাউন্ড গুলি এবং দুটি রাম দা উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে একজন বাংলাদেশী এবং অন্যজন মায়ানমারের নাগরিক।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ মংজয়পাড়া বিওপি’র একটি চৌকস আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলেন— বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার মংজয়পাড়ার সুইজানুর ছেলে উমং (২৫) এবং মায়ানমারের মংডু জেলার উইলাতং গ্রামের মংচাকনুর ছেলে পানুয়া (১৮)।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে গাছবুনিয়া সীমান্ত দিয়ে একটি সশস্ত্র চক্র মায়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান বাংলাদেশে নিয়ে আসবে।
এমন তথ্যের ভিত্তিতে মংজয়পাড়া বিওপি কমান্ডারের নেতৃত্বে বিজিবি’র একটি দল সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার অভ্যন্তরে ওৎ পেতে থাকে। দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে ৭/৮ জনের একটি সশস্ত্র দল বিজিবি’র উপস্থিতি টের পেয়ে টহলদলের ওপর হামলার চেষ্টা চালায়। এসময় বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে দুইজনকে আটক করতে সক্ষম হলেও বাকি ৫/৬ জন গহীন জঙ্গলে পালিয়ে যায়।
কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলম জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও অস্ত্র চোরাচালানের সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, ইয়াবা পাচারের উদ্দেশ্যেই তারা সেখানে অবস্থান করছিল।
তিনি আরও জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্রের ব্যবহার রোধ এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
আটককৃতদের উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে আইনী কার্যক্রম চলমান রয়েছে।