উখিয়ায় নির্বাচন-পরবর্তী সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপের আহ্বান উখিয়া উপজেলা এনসিপির
উখিয়া, কক্সবাজার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬:
দীর্ঘ সময় পর বাংলাদেশ-এ একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উখিয়া উপজেলা শাখা। নির্বাচনকে কেন্দ্র করে গণতান্ত্রিক উত্তরণের যে প্রক্রিয়া শুরু হয়েছে তা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, সুশাসন প্রতিষ্ঠা এবং সামাজিক-অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
তবে গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, নির্বাচন-পরবর্তী সময়ে দেশের বিভিন্ন এলাকায় প্রতিপক্ষের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে হুমকি-দমকি, বাসাবাড়িতে ইটপাটকেল নিক্ষেপ, অশ্লীল ভাষায় গালিগালাজসহ নানাবিধ সহিংস ঘটনার অভিযোগ পাওয়া যাচ্ছে। একটি জাতীয় নির্বাচনের পর এ ধরনের সহিংসতা অনাকাঙ্ক্ষিত এবং গণতান্ত্রিক পরিবেশ, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার জন্য হুমকিস্বরূপ।
এনসিপি উখিয়া উপজেলা শাখা রাজনৈতিক প্রতিপক্ষসহ সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি সহনশীল, দায়িত্বশীল ও গঠনমূলক আচরণের আহ্বান জানিয়েছে, যাতে সকল দল সুষ্ঠু পরিবেশে গণতান্ত্রিক রাজনীতি চর্চা করতে পারে এবং দেশের উন্নয়নে গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা অব্যাহত রাখতে পারে।
বিজ্ঞপ্তিতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে সার্বিক সহযোগিতা কামনা করা হয়। সহিংসতা প্রতিরোধে সরকার ও বিজয়ী পক্ষকে কার্যকর ভূমিকা নেওয়ার পাশাপাশি নতুন সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
নির্বাচনে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রতি “সবার আগে বাংলাদেশ” এই অঙ্গীকার ধারণ করে দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার মহান দায়িত্ব পালনের প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
সহিংসতামুক্ত, সহনশীল ও অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সকলের সম্মিলিত উদ্যোগ কামনা করেছে এনসিপি উখিয়া উপজেলা শাখা।
প্রেরক:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
উখিয়া উপজেলা শাখা, কক্সবাজার