চারবারের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, ‘উখিয়া-টেকনাফের উন্নয়নে আমি আমার জীবন উৎসর্গ করেছি। জীবনে এক টাকাও দুর্নীতি করিনি এবং কোনো মানুষের ক্ষতি করিনি। জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের সেবক হয়ে থাকতে চাই।’
সোমবার বিকেলে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শেষ নির্বাচনী জনসভায় কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সারা বিশ্ব আজ বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। দেশকে একটি স্থিতিশীল সরকারের পথে নিতে হলে বিএনপির কোনো বিকল্প নেই। আপনারা সবাই ধানের শীষে ভোট দেবেন।’
শাহজাহান চৌধুরী বলেন, একসময় অবহেলিত হিসেবে পরিচিত উখিয়া-টেকনাফের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো খাতে উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তিনি দৃঢ়তার সঙ্গে দাবি করেন, তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ কেউ আজও প্রমাণ করতে পারেনি এবং জনগণের আস্থাই তার সবচেয়ে বড় শক্তি।
বর্তমান জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, বিশ্ব সম্প্রদায় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির দিকে গভীরভাবে নজর রাখছে। দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে একটি গ্রহণযোগ্য ও শক্তিশালী সরকার প্রয়োজন, যা গঠনে বিএনপির বিকল্প নেই।
নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘ভয়ভীতি উপেক্ষা করে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের ভোটেই বিএনপি সরকার গঠন করবে এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।
শেষ নির্বাচনী এই জনসভায় উখিয়া ও টেকনাফ উপজেলার প্রায় সব ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতাকর্মী ও ধানের শীষের সমর্থকদের অংশগ্রহণে সভাস্থল জনসমুদ্রে পরিণত হয়। উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।