কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা মধুঘোনা খেলার মাঠে চলমান ‘মরিচ্যা মধুঘোনা মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৫/২৬’-এ সৃষ্টি হয়েছে টানটান উত্তেজনা ও ফুটবল উন্মাদনা। টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল আলমগীর সেভেন স্টার তাদের জয়ের ধারা বজায় রেখে সেমিফাইনাল নিশ্চিত করেছে। মঙ্গলবার রাত সাড়ে ০৮ ঘটিকায় অনুষ্ঠিত এক রোমাঞ্চকর ম্যাচে তারা গুরা মিয়া চৌধুরী গ্যারেজকে পেনাল্টি শ্যুটআউটে পরাজিত করে শেষ চারের টিকিট অর্জন করে।
নির্ধারিত সময়ে উভয় পক্ষই অত্যন্ত আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। মাঠের লড়াই সমানে সমান হওয়ায় কোনো পক্ষই গোল করতে সক্ষম হয়নি। ফলে ম্যাচটি সরাসরি পেনাল্টি শ্যুটআউটে গড়ায়। সেখানে স্নায়ুচাপ জয় করে দারুণ দক্ষতায় জয় ছিনিয়ে নেয় জনাব আলী পাড়া আলমগীর সেভেন স্টার। বিজয়ী দলের হয়ে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করায় জালিয়া পালং ইউনিয়নের সোনার পাড়া এলাকার তারেক হোসাইন ‘ম্যান অফ দ্য ম্যাচ’ নির্বাচিত হন।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মুসলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক সৈয়দ আহমদ বাবুল, আলমগীর সেভেন স্টারের টিম ম্যানেজার মোঃ আলমগীর এবং ছাত্রনেতা মোহাম্মদ ইউনুস মির্জা। খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিজয় দলের সেরা খেলোয়াড় তারেক হোসাইনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
খেলার মাঠে প্রধান অতিথির বক্তব্যে বলেন, “মধুঘোনার এই মাঠে ১৬টি দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্ট স্থানীয় যুব সমাজের মাঝে নতুন প্রাণের সঞ্চার করেছে। জয়-পরাজয় বড় কথা নয়, সুস্থ ধারার বিনোদন ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য।” এছাড়া তিনি খেলা পরিচালনা কমিটিকে অত্যন্ত পেশাদারিত্ব ও শান্তিপূর্ণভাবে টুর্নামেন্ট এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন।
গুরুত্বপূর্ণ এই ম্যাচটি রেফারির ভূমিকায় সফলভাবে পরিচালনা করেন মরিচ্যা এলাকার সুনামধন্য খেলোয়াড় মহি উদ্দিন। মাঠ থেকে সরাসরি সাবলীল ধারাভাষ্য প্রদান করেন ধারাভাষ্যকার আলী।
উল্লেখ্য যে, নক আউট পদ্ধতিতে আয়োজিত এই প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের জন্য ১২হাজার টাকা ও ট্রফি এবং রানার্সআপ দলের জন্য ৬হাজার টাকা ও ট্রফি পুরস্কার হিসেবে রাখা হয়েছে। প্রতিটি ম্যাচেই স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।