ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে তৃতীয়বারের মতো রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ।
একইসঙ্গে আগামী ৭ জানুয়ারির পর সরকার পতনের আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা।
মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে পৌঁছালে সেখানে অবস্থান কর্মসূচি শুরু হয়।
অবরোধ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, কোনো পক্ষ যদি বৈঠকে বসে, সেটি অবশ্যই প্রকাশ্য হতে হবে। কোনো ধরনের গোপন বৈঠক চলবে না। দিল্লির সঙ্গে কোনো সিক্রেট বৈঠক তারা মেনে নেবেন না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ঘটনার ২১ দিন পেরিয়ে গেলেও সরকার এখনো প্রকৃত খুনিদের শনাক্ত ও গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে, যা সরকারের সদিচ্ছার অভাবের প্রমাণ। সরকার আগামী ৭ জানুয়ারি চার্জশিট দেওয়ার কথা বললেও শুধু ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হলে তা গ্রহণযোগ্য হবে না বলেও জানান তিনি।
তিনি বলেন, বাংলাদেশের বিরুদ্ধে যেকোনো ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে ইনকিলাব মঞ্চের লড়াই অব্যাহত থাকবে।