ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
রোববার বিকেল ৩টা ৪৫ মিনিটে সালাহউদ্দিন আহমদ স্বশরীরে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন বলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার জানান।
এর আগে দুপুর দেড়টার দিকে ঢাকা থেকে বিমানে কক্সবাজার পৌঁছান সালাহউদ্দিন আহমদ। এ সময় জেলা ও উপজেলার বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। পরে তিনি সড়কপথে চকরিয়ার উদ্দেশে রওনা হন।
কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না বলেন, “কক্সবাজারের চারটি সংসদীয় আসনের মধ্যে রোববার একমাত্র সালাহউদ্দিন আহমদই মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাকি প্রার্থীরা সোমবার মনোনয়নপত্র জমা দেবেন।
দলের বিদ্রোহী প্রার্থী প্রসঙ্গে তিনি বলেন, “মনোনয়ন জমাদান শেষ হলে এ বিষয়ে নিশ্চিত করে বলা যাবে। তবে কক্সবাজারের চারটি আসনের মধ্যে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) ছাড়া অন্য আসনগুলোতে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের বাইরে কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করেননি। কক্সবাজার-৪ আসনের বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।”
এদিকে রিটার্নিং অফিসারের কার্যালয়ের তথ্য মতে, রোববার পর্যন্ত কক্সবাজারের চারটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে এদিন মনোনয়নপত্র জমা দিয়েছেন মাত্র একজন প্রার্থী।