সরকারি চাকরিজীবীদের ঈদ বোনাস দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ)। বুধবার (২৯ অক্টোবর) সচিবালয়ে নবম জাতীয় পে কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় এ ১৬ দফা লিখিত প্রস্তাবনা তুলে ধরে সংগঠনটি।
সভায় বিএফএ নেতারা বলেন, বন অধিদপ্তরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দেশের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় জীবনঝুঁকি নিয়ে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করেন। তাদের বেতন-ভাতা যুগোপযোগী পর্যায়ে উন্নীত করা এখন সময়ের দাবি। লিখিত প্রস্তাবে জানানো হয়,অর্থ মন্ত্রণালয়ের পূর্ববর্তী সিদ্ধান্ত অনুযায়ী বন অধিদপ্তরে নিয়োজিত ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি ডিগ্রিধারী ফরেস্টারদের বেতন গ্রেড অন্যান্য ডিপ্লোমাধারীদের ন্যায় ১০ম গ্রেডে উন্নীত করতে হবে এবং দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা মর্যাদা প্রদান করতে হবে।
এছাড়া হাইকোর্টের রায় (রিট নং ৭০০১/২০১৭) ও সুপ্রিম কোর্টের নির্দেশনা (সিভিল পিটিশন নং ২৭৩৬/২০২১) অনুযায়ী ফরেস্টারদের প্রাপ্য বেতন ও পদমর্যাদা দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।
বিএফএ সর্বনিম্ন বেতন ৩৫ হাজার এবং সর্বোচ্চ এক লাখ ৪০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করেছে। পাশাপাশি সকল গ্রেডে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৬০% করার দাবি জানানো হয়। শিক্ষা ভাতা একজন সন্তানের জন্য ২ হাজার এবং দুই সন্তানের জন্য ৪ হাজার, চিকিৎসা ভাতা ৫ হাজার, টিফিন ভাতা ৩ হাজার এবং বৈশাখী ভাতা মূল বেতনের ১০০% করার প্রস্তাব করা হয়।
সবচেয়ে আলোচিত প্রস্তাব হলো ঈদ বোনাস দ্বিগুণ করা—যাতে সকল গ্রেডের সরকারি কর্মচারী মূল বেতনের ২০০% ঈদ বোনাস পান। বিএফএ বলেছে, বন বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা বন্যপ্রাণী পাচার রোধ, অবৈধ দখল উচ্ছেদ, বন ও বন্যপ্রাণী রক্ষায় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। তাই তাদের ঝুঁকি ভাতা মূল বেতনের ৫০% নির্ধারণ করতে হবে। এছাড়া বার্ষিক ইনক্রিমেন্ট ১০%, পেনশন ১০০% করা এবং প্রতি ৫ বছর পর পর নতুন পে কমিশন গঠনের দাবি জানানো হয়েছে।
প্রস্তাবনায় আরও বলা হয় ইউনিফর্মধারী বন কর্মীদের বছরে ৩ বার ইউনিফর্ম ভাতা ও ধোলাই ভাতা প্রদান করতে হবে। অন্যান্য বাহিনীর ন্যায় রেশন সুবিধা চালু করতে হবে। সরকারি দায়িত্ব পালনকালে আহত বা নিহত হলে তাৎক্ষণিক চিকিৎসা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।
বিএফএর ১৬ দফা প্রস্তাব এক নজরে:
১) ডিপ্লোমাধারী ফরেস্টারদের ১০ম গ্রেড ও দ্বিতীয় শ্রেণীর মর্যাদা
২) আদালতের নির্দেশনায় বেতন-পদমর্যাদা বাস্তবায়ন
৩) বেতন স্কেল: ৩৫,০০০–১,৪০,০০০ টাকা
৪) বাড়ি ভাড়া ভাতা ৬০%
৫) শিক্ষা ভাতা: ১ সন্তান ২০০০, ২ সন্তানে ৪০০০ টাকা
৬) চিকিৎসা ভাতা ৫০০০ টাকা
৭) টিফিন ভাতা ৩০০০ টাকা
৮) বৈশাখী ভাতা ১০০%
৯) ঈদ বোনাস ২০০%
১০) ঝুঁকি ভাতা ৫০%
১১) ইনক্রিমেন্ট ১০%
১২) পেনশন ১০০%
১৩) প্রতি ৫ বছরে নতুন পে কমিশন
১৪) বছরে ৩ বার ইউনিফর্ম ও ধোলাই ভাতা
১৫) রেশন সুবিধা
১৬) দায়িত্ব পালনকালে আহত/নিহত হলে বিশেষ সেবা ও ক্ষতিপূরণ
বিএফএ নেতারা আশা প্রকাশ করেন, নবম জাতীয় বেতন কাঠামোতে তাদের যৌক্তিক দাবিগুলো অন্তর্ভুক্ত হবে এবং মাঠ পর্যায়ের বন কর্মীদের আর্থিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে।