কক্সবাজারের উখিয়ায় ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর অভিযানে ৯০০ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) দুপুরে উখিয়া আলিমুড়া এলাকায় কক্সবাজার- টেকনাফ সড়কের পাশে অবস্থিত ৮ এপিবিএনের অস্থায়ী কার্যালয়ের সামনে স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন ৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ।
তিনি বলেন, এসআই মো. নুর নবীর নেতৃত্বে পরিচালিত তল্লাশিতে সন্দেহভাজন রোহিঙ্গা যুবক মো. আবদুল্লাহ প্রকাশ মো. ওসমান (১৯)-কে আটক করা হয়।
পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে ডান হাতে থাকা একটি শপিং ব্যাগের ভেতর থেকে কালো রঙের পলিথিনে মোড়ানো ১৮টি লকযুক্ত এয়ারটাইট সাদা পলি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের ভেতর মোট ৯০০ পিস অ্যামফিটামিন জাতীয় ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবা বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি রোহিঙ্গা যুবক মোঃ আবদুল্লাহ বালুখালী ক্যাম্প-৯ এর মৃত ইলিয়াসের ছেলে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামতের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
পুলিশ জানায়, অভিযানের পর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।