আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ বাঁকগুলোতে সতর্ক সংকেত হিসেবে লাল পতাকা স্থাপন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
শনিবার (২৩ মে) কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিভিন্ন বাঁকের উভয় পাশে সারিবদ্ধভাবে এসব লাল পতাকা স্থাপন করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন, বিআরটিএ কক্সবাজার সার্কেলের মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ ইউছুফ।
তিনি জানান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী, বিআরটিএ চেয়ারম্যান এবং চট্টগ্রাম বিভাগীয় সার্কেলের পরিচালকের নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিআরটিএ কক্সবাজার সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. কামারুজ্জামানের নেতৃত্বে প্রায় ৭৭ কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকগুলো চিহ্নিত করে শতাধিক লাল পতাকা স্থাপন করা হয়েছে।
ঝুঁকিপূর্ণ যেসব এলাকায় পতাকা স্থাপন করা হয়েছে, তার মধ্যে রয়েছে বানিয়াছড়া, চিরিংগা হাইওয়ে ফাঁড়ি, চকরিয়া সরকারি কলেজ গেইট, মালুমঘাট, খ্রিস্টিয়ান মেমোরিয়াল হাসপাতাল এলাকা, ফাঁসিয়াখালী আর্মি ক্যাম্প, ফকিরা বাজার, রাবার বাগান ও জোয়ারিয়ানালা সংলগ্ন বিভিন্ন স্থান।
বিআরটিএ সূত্র জানায়, ঈদকে কেন্দ্র করে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনা এড়াতে চালকদের সতর্ক করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে মহাসড়কের বিপজ্জনক বাঁকগুলোতে লাল পতাকা চালকদের গতি নিয়ন্ত্রণ ও সতর্কতা অবলম্বনে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। রামুর বাসিন্দা ওসমান বলেন, এই লাল পতাকার মাধ্যমে চালকেরা ঝুঁকিপূর্ণ বাঁক সম্পর্কে আগেই সতর্ক হতে পারবেন। এতে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমবে বলে আমরা আশা করছি।